শিক্ষা
প্রধান খবর

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, “এবারও একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে আমরা নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছি।”

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের পর মেধা ও শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button