
আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। রোববার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই ট্রান্সফারের ঘোষণা দেয় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোজন করল চেলসি।
মাঠে একাধিক পজিশনে খেলার সক্ষমতাই বার্কোর সবচেয়ে বড় শক্তি। তিনি মিডফিল্ডের পাশাপাশি উইঙ্গার ও লেফটব্যাক হিসেবেও সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন।
গত মৌসুমে স্ট্রাসবুর্গের হয়ে ৫৮ ম্যাচে মাঠে নেমে ৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করেন বার্কো। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুটি গোল করেছেন। তবে ২০২৬ বিশ্বকাপে তিনি মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দল পুনর্গঠনের পথে হাঁটছে চেলসি। এর আগে ক্লাবটি ড্যানি ওয়েলবেক, মর্গ্যান রজার্সসহ আরও পাঁচজন ফুটবলারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল।