
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ ও সিনিয়র নেতারা। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। এতে পুরো এলাকা উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে পরিণত হয়।
এর আগে দুপুর ২টা ৫২ মিনিটে নিজ বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বদেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকা পর্যন্ত ঢাকায় নজিরবিহীন জনসমাগম ঘটে। লাখো মানুষের উপস্থিতিতে পুরো রাজধানী জনসমুদ্রে পরিণত হয়।
স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিকেলে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি একটি নিরাপদ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সূএ : যুগান্তর



