জাতীয়
প্রধান খবর

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, চালু হলো আইভ্যাকের নতুন সিস্টেম

ভারতের ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কার্যক্রম শুরু হয়েছে।

আইভ্যাক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং উন্মুক্ত করা হয়।

যেভাবে মিলবে অ্যাপয়েন্টমেন্ট

নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে। পরবর্তী সময় থেকে প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে।

তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ওই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

নতুন সিস্টেম বাধ্যতামূলক

এর আগে আইভ্যাক এক নোটিশে জানিয়েছিল, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যার লিংক পাওয়া যাবে আইভিএসি’র অফিশিয়াল ওয়েবসাইটে। আগামী রোববারসহ পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

জাল স্লট থেকে সতর্ক থাকার আহ্বান

আইভ্যাক আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানাই ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে।

সাইনআপ ও লগইন প্রক্রিয়া

সাইনআপের সময় আবেদনকারীর কাছে-

  • একটি ওটিপি ইমেইলে
  • আরেকটি ওটিপি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে

ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন হলে সাইনআপ শেষ হবে।

এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। লগইনের পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে।

স্লট পরিবর্তন ও ফি পরিশোধ

আইভ্যাক জানিয়েছে, প্রয়োজনে একবার অ্যাপয়েন্টমেন্ট স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

তথ্যসূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button