জাতীয়
প্রধান খবর

যেসব সুযোগ-সুবিধা পান সংসদ সদস্যরা

নতুন সরকারের নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। শপথের পর তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশে একজন জাতীয় সংসদ সদস্য (এমপি) শুধু আইন প্রণয়ন ও জনগণের প্রতিনিধিত্বই করেন না, রাষ্ট্র তাদের জন্য নির্ধারণ করেছে সম্মানী-ভাতা, সুযোগ-সুবিধা ও প্রাতিষ্ঠানিক সহায়তার একটি বিস্তৃত কাঠামো। এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ অনুযায়ী, যা সময় সময় সংশোধনের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে।

নিচে আইনি কাঠামোর ভিত্তিতে এমপিদের প্রাপ্ত প্রধান সুবিধাগুলো তুলে ধরা হলো-

মাসিক সম্মানী

সংসদ সদস্যরা মাসিক ৫৫ হাজার টাকা সম্মানী পান। এটি তাদের মূল পারিশ্রমিক, যা পুরো দায়িত্বকালজুড়ে প্রযোজ্য।

নির্বাচনী এলাকা ভাতা

নির্বাচনী এলাকায় কাজ পরিচালনা, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের জন্য মাসিক ১২ হাজার ৫০০ টাকা পান।

আপ্যায়ন ভাতা

অতিথি আপ্যায়ন ও সামাজিক যোগাযোগের জন্য মাসিক ৫ হাজার টাকা নির্ধারিত।

শুল্কমুক্ত গাড়ি সুবিধা

দায়িত্বকালীন একটি গাড়ি/জিপ/মাইক্রোবাস কাস্টমস ডিউটি, ভ্যাট, ডেভেলপমেন্ট সারচার্জ ও আমদানি পারমিট ফি ছাড়া আমদানির সুযোগ রয়েছে। পাঁচ বছর পর একই শর্তে নতুন গাড়ি আমদানির সুযোগও পান।

পরিবহন ভাতা

যাতায়াত, জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন বাবদ মাসিক ৭০ হাজার টাকা পান।

অফিস ব্যয় ভাতা

নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫ হাজার টাকা দেওয়া হয়।

লন্ড্রি ও আনুষঙ্গিক ভাতা

  • লন্ড্রি ভাতা: ১ হাজার ৫০০ টাকা (মাসিক)
  • অন্যান্য ব্যয় (রান্নার সরঞ্জাম, লিনেন, টয়লেট্রিজ): ৬ হাজার টাকা (মাসিক)

ভ্রমণ ভাতা (সেশন ও কমিটি)

সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিতে-

  • বিমান/রেল/জাহাজে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা
  • সড়কপথে ভ্রমণে কিলোমিটার প্রতি ১০ টাকা

দৈনিক ভাতা

দায়িত্ব পালনের সময়-

  • অবস্থান ভাতা: ৭৫০-৮০০ টাকা (দৈনিক)
  • যাতায়াত ভাতা: ৭৫-২০০ টাকা (উপস্থিতিভিত্তিক)

অভ্যন্তরীণ ভ্রমণ সুবিধা

প্রতি বছর ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমপরিমাণের নন-ট্রান্সফারেবল ট্রাভেল পাস।

চিকিৎসা সুবিধা

এমপি ও তাদের পরিবার প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এছাড়া মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়।

টেলিফোন সুবিধা

বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং কল ও ভাড়া বাবদ মাসিক ৭ হাজার ৮০০ টাকা

বিমা সুবিধা

দায়িত্বকালীন দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকা বিমা সুবিধা।

ঐচ্ছিক অনুদান

জনকল্যাণমূলক কাজে ব্যয়ের জন্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা বরাদ্দ।

কর সুবিধা

এই আদেশ অনুযায়ী প্রাপ্ত ভাতাগুলো আয়করমুক্ত

নতুন সরকারের যাত্রা শুরুর প্রাক্কালে এমপিদের এই সুযোগ-সুবিধা ও কাঠামো নিয়ে আবারও জনমনে আলোচনা শুরু হয়েছে। শপথের পর সংসদ কার্যক্রম শুরু হলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে তাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে দেশবাসী।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button