ধর্ম
প্রধান খবর

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।

আগামী বছর ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিন, ১৫ মে, পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪-২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখও দেওয়া হয়েছে।

কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ এক দিন আগে-পরে হতে পারে।

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে গালফ নিউজের প্রতিবেদন

অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসারে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার, পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে সন্ধ্যায় প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। এরপর রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার, ৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।

অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদের চূড়ান্ত তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত স্থায়ী হয়েছিল। ওই বছর ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button