বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহ জোগানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের এ কর্মসূচির আওতায় আনা হয়।

আয়োজকেরা জানান, বাইসাইকেল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত স্মারক মগও উপহার দেওয়া হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভোগান্তি কমানো, নিয়মিত উপস্থিতি উৎসাহিত করা এবং নারীশিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যাতে নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং কোনো বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নারীশিক্ষার উন্নয়নে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ালেই হবে না; শিক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করার বিষয়েও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের আয়োজকদের প্রত্যাশা, বাইসাইকেল পাওয়ার ফলে দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের যাতায়াত সহজ হবে। এতে সময় ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা মিলবে।
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য উপহার বিতরণের পাশাপাশি অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমও পরিচালনা করা হয়।

রোববার দুপুরে শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় চার হাজার মানুষকে চক্ষুচিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে। এর আগে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, তাঁর নির্বাচনী এলাকার চোখের সমস্যায় আক্রান্ত মানুষদের পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বাইসাইকেল বিতরণ ও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, মীর ফারিয়া তাবাসসুম, প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button