
সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ সর্বসাধারণের প্রবেশ হঠাৎ করে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলছে। এ কারণে গত রোববার থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার
স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের পরই আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
শপথ ও সরকার গঠন
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর তারাই আনুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব গ্রহণ করবে। শপথ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে; নতুন সরকার দায়িত্ব নিলে উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
তথ্যসূত্র: জনকণ্ঠ



