জাতীয়
প্রধান খবর

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউস-এ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নির্দলীয় হলে সেখানে কারা অংশ নেবে, সেটি সরকারের আমলে নেওয়ার প্রয়োজন নেই।

এর আগে এক দিনের সফরে সিলেটে পৌঁছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

সূত্র: বাংলাদেশ টাইম্‌স

এই বিভাগের অন্য খবর

Back to top button