
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে তিনজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৬৩ জনের। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২২৬ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭৩ জন।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।
তথ্যসূত্র: যুগান্তর



