
আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
টিকাদান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ শিশুকে ইতোমধ্যে টিকার আওতায় আনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ কভারেজ অর্জন করা সম্ভব হবে। অনেক উপজেলায় ইতোমধ্যে শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে এবং প্রথম ৩০টি উপজেলায় এখন কোনো হামের রোগী নেই বলেও জানান তিনি।
হামের সংক্রমণ প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত ছয় বছর শিশুদের নিয়মিত হামের টিকাদান হয়নি। জরুরি ভিত্তিতে নতুন করে কর্মসূচি শুরু করা হয়েছে।
তিনি জানান, ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং যুক্তরাষ্ট্র-এর সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মাসের ৫ তারিখে সারা দেশে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এতে যক্ষ্মা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং আগামীকাল দেশের সব কেন্দ্রে তা পৌঁছে যাবে।
(সূত্র: বাসস)



