
দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন ১ হাজার ৩০২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬১ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। ফলে হাম ও উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি।
তথ্যসূত্র: আজকের পত্রিকা


