
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে আজ (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এছাড়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা জারির জন্য মন্ত্রিপরিষদ বিভাগ-এর সচিবের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ

