জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় এক হাজার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি। ফলে চলতি মৌসুমে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৪৭ জন শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৬৬ হাজার ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button