জাতীয়
প্রধান খবর

থামছেই না হামের উপসর্গে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩০ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button