
বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ বরাদ্দ আপাতত সিটি করপোরেশনের আওতাভুক্ত বিরোধীদলীয় সদস্যদের আসনের জন্য নয়। তবে পরবর্তীতে সেসব এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।
এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে ফ্লোর দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জেলা পরিষদের মাধ্যমে পরবর্তী সময়ে সিটি করপোরেশন এলাকাগুলোতেও এ বরাদ্দ দেওয়া হবে।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্যকিছু হয়নি।’
স্পিকার আরও বলেন, স্পিকারের দায়িত্বে থাকায় তিনি নিজের নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো সংসদে তুলে ধরতে পারেন না। তবে এর আগে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব দেওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানান।
তথ্যসূত্র: যুগান্তর
