বগুড়া জেলাসারিয়াকান্দি উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সারিয়াকান্দিতে চালককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান (৪৫)কে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল মান্নান বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো রোববার (২৮ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মান্নান। তিনি বগুড়া শহরের চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে অটোরিকশা চালাতেন। রাত সাড়ে ৯টার দিকে সহকর্মীরা সর্বশেষ তাকে চেলোপাড়া স্ট্যান্ডে দেখেন। এরপর তিনি আর বাড়ি না ফেরায় সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার সকালে সারিয়াকান্দির কৈ-খালি বিল এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল মান্নানের বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক মান্নানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার ব্যবহৃত মুঠোফোনটিও নিয়ে গেছে তারা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button