জাতীয়
প্রধান খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ৪১ আসামি

২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কার্যালয়ে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গেলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এতে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়। মামলার তদন্ত প্রতিবেদনে ওই ঘটনার দায়ে ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button