জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজার ৫১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ শিশু।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৩৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ শিশু।

এ সময় নতুন করে ৮৮৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৯২ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জনের।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ৫২১ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button