
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি। নতুন এই নকশার অংশ হিসেবে পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গও স্থান পাচ্ছে।
নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে যুক্ত থাকবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সেই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী তরুণদের স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার জলছাপ ব্যবহার করা হবে।
প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্থান পাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবি। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ থাকার বিষয়টি বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪