জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১টি শিশু।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ শিশুর কারও মৃত্যুই নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার কারণে হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৯টি শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ সময়ে নতুন করে ৯০৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিপরীতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছে ৯৬৭টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ জনের।

এ সময় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button