
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
তথ্যসূত্র: যমুনা টিভি
