জাতীয়
প্রধান খবর

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১৪ হাজার নতুন শিক্ষককে পদায়নের জন্য আপাতত প্রাথমিকের শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন হওয়ার পর আবারও বদলি কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, বদলি কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহারের পর নতুন করে বদলি শুরু হলে বিদ্যমান নীতিমালায় কার্যক্রম চলবে নাকি নতুন নীতিমালা করা হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

উল্লেখ্য, গত ২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ১ অক্টোবর।

নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাদের পদায়ন করা হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button