ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন-মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবারও চালু করতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেল ভবনে শুরু হওয়া এই বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ি থেকে তিনটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন আবার চলাচল শুরু করতে পারে বলে জানা গেছে।
২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে গত বছরের ফেব্রুয়ারিতে প্রায় নয় মাস বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়। যদিও এখনো চালু হয়নি যাত্রীবাহী ট্রেন চলাচল।
এদিকে, বর্তমানে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ।
এ ছাড়া ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহও বৈঠকে তুলে ধরবে বাংলাদেশ। এত দিন মৈত্রী এক্সপ্রেস যমুনা সেতু হয়ে চলাচল করেছে।
দুই দিনব্যাপী এই আন্তঃসরকারি রেলওয়ে বৈঠকে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর পাশাপাশি স্থগিত থাকা বিভিন্ন রেল প্রকল্প এবং দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ব্যবস্থা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


