
নিজস্ব প্রতিবেদক: ছুটি শেষে নিজ জেলা রংপুর থেকে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
জানাগেছে, ছুটি শেষে প্রাইভেটকারে করে নিজ জেলা রংপুর থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর থাকা একটি আইল্যান্ডের সঙ্গে তাঁর প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শামস-ই-তাবরীজ ও উপপরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: একরামুল হোসাইন জানান, নিহত এসআই গোলাম রব্বানীর মরদেহ ময়না তদন্ত শেষে শনিবার বিকাল আড়াইটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।



