
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৫৭১ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। অন্যদিকে, এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৩৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন রয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ২২৫ জন।
এদিকে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এরই মধ্যে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে।
ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন।
সভায় তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।
তথ্যসূত্র: যুগান্তর


