
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে খুলনা বিভাগে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন করে আরও চারজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭১ জন মারা গেছেন।
এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


