১ অক্টোবরের মধ্যে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের নিয়োগপত্র: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত প্রার্থীরা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না তাদের নিয়ে আমরা কাজ করব।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল নিয়ারলি ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।’
মন্ত্রী আরও বলেন, ডিপিও ইস্যু করে নিয়োগপত্র। সে সময় দেখা গেছে, অনেকের ভেরিফিকেশন এবং ঠিকানা পরিবর্তনের বিষয় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে। যাদের হয়নি সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’
তথ্যসূত্র: বাংলাদেশ টাইম্স

