
বগুড়া শহরের স্টেশন রোডে সড়ক দুর্ঘটনায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী তামজিদ হাসান বাঁধন (২২) নিহত হয়েছেন। তিনি বিয়াম মডেল স্কুল এর এসএসসি-২০২০ এর ছাত্র ছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুরান বগুড়া ওয়াপদা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন শহরের সবুজবাগ এলাকার জাহিরুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাঁধনের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কের ডিভাইডারের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



