জাতীয়
প্রধান খবর

সরকারি চাকরিজীবীরা চলতি মাসেই বাড়তি মূল বেতন পাবে, ভাতা আগের হারেই

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী চলতি মাসের শেষেই বাড়তি হারে মূল বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে আপাতত আগের হারেই ভাতা দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করেছে সরকার।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর হবে বলে আগেই জানানো হয়েছিল।

নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন-ভাতা ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮-এই দুই অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন-ভাতা কার্যকর করা হবে। গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button