রাজনীতি
প্রধান খবর

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও তাঁকে বিজয়ী করতে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, এর আগেও মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে এবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, “আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি।”

তিনি আরও বলেন, দল অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করলেও তাঁকে জেতানোর জন্য শতভাগ প্রস্তুত আছেন তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাওয়ার কথাও জানান এই সংসদ সদস্য।

এদিকে, একই দিন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, দল তাঁর পদত্যাগ চায়নি, তবে বিশেষ কারণে তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

ইশরাক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে। এখন থেকে আরও জোরালোভাবে মাঠে নামবেন বলেও জানান তিনি।

সম্প্রতি রাজধানীতে দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ইশরাকের হাতে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ নিয়ে সমালোচনা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ পরিস্থিতিতে রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। এর পরদিনই আজ পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button