জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৫ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, ময়মনসিংহে ১০২ জন, খুলনায় ১২৫ জন এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৯১ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button