
বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও বগুড়া প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ মারা গেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবুল কালাম আজাদ। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়।
সোমবার বাদ জোহর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবুল কালাম আজাদ বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তিনি দৈনিক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট পৌরসভা এলাকায়।
তাঁর মেয়ে মাহিশা সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
তাঁর মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে।



