
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি



