
আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে বিভ্রান্তিকর ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ ধরনের অপপ্রচারে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে একটি এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে গ্যাস সরবরাহের পরিমাণ কিছুটা কমতে পারে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এর প্রভাব পড়তে পারে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায়।
সংস্থাটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ স্বাভাবিক সরবরাহের তুলনায় দৈনিক গ্যাসের পরিমাণ কমার আশঙ্কা রয়েছে। তবে এ ঘাটতির কারণে দেশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে-এমন তথ্য সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরবরাহ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। ফলে গ্রাহকদের স্বাভাবিকের তুলনায় কম চাপে গ্যাস পেতে হতে পারে। তবে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেছে পেট্রোবাংলা।
এদিকে, আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-এমন দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে পেট্রোবাংলার নজরে এসেছে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পেট্রোবাংলা বলছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমতে পারে, তবে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে-এমন খবর সত্য নয়।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


