জাতীয়

বাঘের আক্রমণে এক বাওয়ালী নিহত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের আক্রমণে আবুল কালাম (৪৫) নামের এক বাওয়ালী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরণের সময় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আবুল কালামসহ কয়েকজন বাওয়ালী বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পারমিট নিয়ে কয়েকদিন আগে গোলপাতা আহরনের জন্য সুন্দরবনের গভীরে যান। মঙ্গলবার বিকেলে পায়রাটুনি খালে গোলপাতা কাটার সময় আকর্ষিকভাবে তাকে বাঘে ধরে নিয়ে যায়। 

পরে অন্য বাওয়ালীরা দলবদ্ধ হয়ে বাঘের কাছ থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসার চেষ্টা অব্যহত আছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বনকর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button