জাতীয়

জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে নতুন কুঁড়ির ১০ ইভেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো খেলোয়াড় যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। খেলোয়াড়রা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পান, সে জন্য ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

তিনি জানান, ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে ক্রীড়া কার্ডে আরও নতুন সুযোগ-সুবিধা যুক্ত করা যায়। খেলোয়াড়রা যাতে খেলায় মনোযোগ দিতে পারেন এবং ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন, সে লক্ষ্যেই সরকার এসব উদ্যোগ নিচ্ছে।

মো. আমিনুল হক বলেন, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ যাতে যোগ্যতা অর্জন করতে পারে, সে জন্য সারা বছর ক্যাম্প আয়োজন করা হবে। আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে।

ক্রীড়াক্ষেত্রে অতীতে দেশের জন্য অবদান রাখা সাবেক ক্রীড়াবিদদেরও প্রথমবারের মতো ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ ভাতা প্রদান শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button