
হামের উপসর্গে গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে ৯ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।
সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। পাশাপাশি নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। আর সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।
নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছেন। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৪৯ জন, ময়মনসিংহে ৫৩ জন, রংপুরে ৩৬ জন ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।
অন্যদিকে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ

