করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড

প্রতিদিনই ভয়াবহ রূপ নিয়ে হাজির হচ্ছে করোনাভাইরাস। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬৪ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল দেশে মৃত্যু হয়েছিল ২৪১ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।



