জাতীয়

বাংলাদেশীদের ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে ফ্রান্স

বাংলাদেশী নাগরিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে ফ্রান্স। একই সঙ্গে বাংলাদেশকে ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে বিবেচনা সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার থেকেই সিদ্ধান্তটি কার্যকর বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বাংলাদেশি ভ্রমণকারীরা বায়োএনটেক-ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা (ভ্যাক্সেরিয়া/কভিশিল্ড) এবং জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন তাদের ফ্রান্সে পৌঁছানোর পর বা ফ্রান্স থেকে চলে যাওয়ার সময় কভিড-১৯ পরীক্ষা করার প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর পর পূর্ণ ডোজ টিকার সনদ দেখানোই যথেষ্ট।

অন্যদিকে, যাদের টিকা নেননি, তাদের করোনা নেগেটিভ রিপোর্ট পেশ করার বাধ্যবাধকতা বহাল থাকবে। তবে বাংলাদেশের মতো ‘সবুজ’ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের পৌঁছানোর পর করোনা পরীক্ষা বা আইসোলেশনে থাকার মতো বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে।

বাংলাদেশে কভিড পরিস্থিতির সন্তোষজনক উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিধিনিষেধের আওতাভুক্ত দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়ার জন্য ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তৎপরতা চালিয়ে আসছিল প্যারিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button