জাতীয়

৭ মার্চের ভাষণ মুছে ফেলা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যয়ের সঙ্গে বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চ ভাষণ আর কেউ মুছে ফেলতে পারবে না। এই ভাষণ এখনো বাঙালিকে প্রেরণা যোগায়।

সোমবার ঐতিহাসিক সাত মার্চ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ঋরো বলেন, আজ এটি প্রমাণিত সত্য যে, সত্য কেউ কখনো মুছে ফেলতে পারে না। আর সাত মার্চের ভাষণেই তো জাতির পিতা বলে গেছেন- কেউ দাবাইয়া রাখতে পারবা না। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই।

তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবনের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে সাত মার্চের ভাষণ দিয়েছিলেন। জয় বাংলা স্লোগান দিয়ে ভাষণ শেষ করেছিলেন। কিন্তু এই ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। আর কেউ ভাষণ মুছে ফেলতে পারবে না।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সাত মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। আমাদের ছাত্রলীগের অনেক নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে ৭ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে নির্যাতিত হতে হয়েছে। তাদের গুলি খেয়ে মরতে হয়েছে।

তাদের ওপর চরম অত্যাচার চলেছে। ২১ বছর বাঙালী জাতি স্বাধীনতার বিকৃত ইতিহাস শুনেছে। আর একুশটা বছর ধরেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, লাখো শহীদের রক্তদান, আমাদের সংগ্রাম- সব কিছু ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ভাষণ শেষ করেছেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে। বাঙালীর জয়, বাংলার জয়, বাংলার মানুষের জয়, এই জয় বাংলা স্লোগান। আমার আত্মবিশ্বাস আর কোনোদিন কেউ এই ইতিহাস মুছে ফেলতে পারবে না। একটি ভাষণের মাধ্যমে বাঙালী জাতি উদ্বুদ্ধ হয়েছিল। সশস্ত্র গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতা ছিনিয়ে আনে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button