
বগুড়ার সন্তান স্থপতি বায়েজিদ এম. খন্দকারের নকশায় রংপুরে নির্মিত একটি টেক্সটাইল কারখানা অর্জন করেছে আন্তর্জাতিক স্থাপত্য অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) আন্তর্জাতিক পুরস্কার। প্রচলিত শিল্পকারখানার ধারণা বদলে শ্রমিকদের সুস্থতা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও পরিবেশবান্ধব স্থাপত্যকে প্রাধান্য দিয়ে নির্মিত গ্রিন ফিল্ড ফ্যাক্টরি এই স্বীকৃতি অর্জন করেছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্থাপত্যশিল্পের সক্ষমতার পাশাপাশি গর্বিত হয়েছে বগুড়াও।

রংপুর শহরে অবস্থিত সাততলা গ্রিন ফিল্ড ফ্যাক্টরিটি ১ লাখ ৪৪ হাজার বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে নির্মিত। প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মপরিবেশ ও কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে এর প্রতিটি অংশ। ব্যতিক্রমী স্থাপত্যশৈলী, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং শ্রমিকদের জন্য মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বিচারকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
প্রকল্পটির নকশা করেছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি বায়েজিদ এম. খন্দকার। তাঁর শৈশব ও বেড়ে ওঠা বগুড়া শহরের সুত্রাপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
গ্রিন ফিল্ড ফ্যাক্টরির নকশায় বাংলার ঐতিহ্যবাহী বাড়ির উঠান, পুকুর, বাগান ও বারান্দার ধারণাকে আধুনিক স্থাপত্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। ভবনের বিভিন্ন অংশে রয়েছে সবুজের সমন্বয়, পরিকল্পিত বাগান, পুকুরঘেরা হাঁটার পথ এবং গাছপালায় আচ্ছাদিত দেয়াল। ফলে এটি কেবল উৎপাদনকেন্দ্রিক একটি শিল্পভবন নয়, বরং শ্রমিকদের জন্য স্বস্তিদায়ক ও প্রাণবন্ত কর্মপরিবেশ তৈরির একটি উদ্যোগে পরিণত হয়েছে।

কারখানাটিতে রয়েছে শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র, চিকিৎসাকেন্দ্র এবং শ্রমিকদের পারস্পরিক যোগাযোগ ও বিশ্রামের জন্য ছায়াঘেরা জায়গা। বিশেষভাবে উল্লেখযোগ্য, শ্রমিক, ব্যবস্থাপক ও মালিকদের জন্য রাখা হয়েছে অভিন্ন প্রবেশপথ। প্রচলিত শিল্পপ্রতিষ্ঠানের স্তরভিত্তিক বিভাজনের বাইরে গিয়ে সমতা ও সামাজিক মর্যাদার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে নকশায়।
বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসে ২০১৩ সালের সাভারের রানা প্লাজা ধস এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ওই দুর্ঘটনায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ভবনের কাঠামোগত ত্রুটির পাশাপাশি ব্যবস্থাপনাগত ব্যর্থতা এবং শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষা করার বিষয়টিও এই বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে আলোচিত হয়।

সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিল্পকারখানার নকশায় শ্রমিকদের জীবন, নিরাপত্তা ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। গ্রিন ফিল্ড ফ্যাক্টরির নকশায়ও সেই মানবিক ভাবনার প্রতিফলন ঘটেছে। রিবার মূল্যায়নে, প্রকল্পটি দীর্ঘদিন ধরে সমাজে চলে আসা স্তরভিত্তিক বৈষম্যকে চ্যালেঞ্জ করার পাশাপাশি শিল্পকারখানায় আরও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির উদাহরণ স্থাপন করেছে।
রিবার বিচারকমণ্ডলী কারখানাটিকে ‘নীরব বিনয়ের এক অনন্য স্থাপত্যকর্ম’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, প্রচলিত শিল্পকারখানার ধারণার বাইরে গিয়ে স্থাপনাটি কর্মীদের জন্য মানবিক, পরিবেশবান্ধব ও অনুপ্রেরণাদায়ক কর্মক্ষেত্রের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
স্থপতি বায়েজিদ এম. খন্দকারের সাথে বগুড়া লাইভ যোগাযোগ করলে তিনি বলেন, শিল্পকারখানাও প্রাণবন্ত হতে পারে, মানুষকে ধারণ করতে পারে এবং কাজের পাশাপাশি অনুপ্রেরণা জোগাতে পারে। তাঁর নকশার মূল ভাবনা ছিল, একটি কারখানাকে কেবল উৎপাদনের যন্ত্র হিসেবে নয়, বরং সেখানে কর্মরত মানুষের জীবন ও অনুভূতির সঙ্গে সম্পৃক্ত একটি জায়গা হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, ‘আমরা একটি সহজ প্রশ্ন তুলেছিলাম, যদি কারখানার নকশা প্রথমেই সেখানে কাজ করা মানুষের বাড়ি হিসেবে করা হতো, তাহলে কেমন হতো?’
বগুড়া লাইভকে তিনি আরও বলেন, প্রতিটি উঠান, বাগান, জলাধার ও ছায়াঘেরা বারান্দার নকশা এই প্রশ্ন থেকেই এসেছে। কারখানা এমন কোনো যন্ত্র হওয়া উচিত নয়, যা মানুষের শক্তি নিঃশেষ করে দেয়। বরং এটি এমন একটি জীবন্ত জায়গা হওয়া উচিত, যা মানুষের শক্তি ফিরিয়ে দেয়।
তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ স্থপতিরা যেন শুধু স্থাপত্যের সৌন্দর্য ও নান্দনিক ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ না থাকেন, বরং মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সমতা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখেন, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। গ্রিন ফিল্ড ফ্যাক্টরি তারই একটি উদাহরণ।
রিবার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় চারটি প্রকল্প স্থান পেয়েছিল। এর মধ্যে দুটি বাংলাদেশের। রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরির পাশাপাশি তালিকায় ছিল ঢাকায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অপর দুটি প্রকল্প বেলজিয়ামের রয়্যাল বেলজ এবং জেড৩৩।
রিবা আন্তর্জাতিক পুরস্কার ২০১৬ সালে চালু হয়। প্রতি দুই বছর অন্তর বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য, ব্যতিক্রমী ও উদ্ভাবনী স্থাপত্য প্রকল্পকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালে স্পেনের বার্সেলোনার একটি সামাজিক আবাসন প্রকল্প এই পুরস্কার অর্জন করেছিল।
বায়েজিদ এম. খন্দকারের এই আন্তর্জাতিক অর্জন শুধু বাংলাদেশের স্থাপত্যশিল্পের জন্যই নয়, তাঁর জন্ম ও বেড়ে ওঠার শহর বগুড়ার মানুষের কাছেও বিশেষ গর্বের বিষয়। সুত্রাপুরের মাটি থেকে বেড়ে ওঠা একজন স্থপতির নকশা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও আনন্দ।
একটি শিল্পকারখানাকে কীভাবে শ্রমিকবান্ধব, পরিবেশসম্মত ও মানবিক স্থাপত্যে রূপ দেওয়া যায়, গ্রিন ফিল্ড ফ্যাক্টরি তার অনন্য দৃষ্টান্ত। এ অর্জন বাংলাদেশের স্থাপত্যশিল্পের সম্ভাবনাকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে প্রমাণ করেছে, মানুষের কল্যাণকে কেন্দ্রে রেখে পরিকল্পিত স্থাপত্য শুধু ভবনের সৌন্দর্য বাড়ায় না, বদলে দিতে পারে কর্মপরিবেশ ও মানুষের জীবনযাপনের অভিজ্ঞতাও।



