মিয়ানমারের যুদ্ধবিমানের ছোড়া গোলা পড়লো বাংলাদেশে

আবারও বাংলাদেশ সীমান্তের ভেতরে পড়েছে মিয়ানমারের যুদ্ধবিমানের ছোড়া দুটি গোলা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় গোলা দুটি এসে পরে।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ৯ টায় রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার আগমন করে। এ সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক ৮ থেকে ১০টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা যায়।
বান্দরবান পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় চরম আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।



