জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২০৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৩৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৫ হাজার ৭০৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে মোট ৯ হাজার ২৬০ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৭ হাজার ৪৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button