মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা: প্রেস সচিব

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় শ্রমিকদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফর ছিল একটি ‘ল্যান্ডমার্ক ট্যুর’, যা দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করেছে। সফরে মালয়েশিয়ায় বাংলা ভাষায় অভিযোগ গ্রহণের ব্যবস্থা, অবৈধ বা কাগজপত্রবিহীন শ্রমিকদের বৈধকরণ, নিরাপত্তারক্ষী ও কেয়ার গিভার নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া মালয়েশিয়ায় পড়াশোনা করা ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষে চাকরির সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট প্লাস’ প্রোগ্রাম চালুর বিষয়ে কথা হয়েছে। দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) দ্রুত চূড়ান্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বছরে ৩ বিলিয়ন ডলারের খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি করে, যা এফটিএর মাধ্যমে আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

