
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন জানিয়েছেন, বগুড়া থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
মোশারফ হোসেন বলেন, বগুড়া বিমানবন্দর থেকে ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী তিনি এয়ারলাইনসটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে কথা বলেছেন।
তিনি জানান, ইউএস-বাংলা কর্তৃপক্ষ বগুড়া থেকে ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহী এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এ কারণে আগামী বছরের শুরুতে বগুড়া থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানিয়েছেন, বগুড়া বিমানবন্দরে দ্রুত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।
বিমানবন্দরের অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল করিম বাদশা বলেন, বাণিজ্যিকভাবে ফ্লাইট চালুর আগে প্রাথমিকভাবে রানওয়ে সম্প্রসারণ এবং একটি যাত্রী টার্মিনাল নির্মাণের প্রয়োজন হতে পারে। এসব সংস্কার ও নির্মাণকাজ শেষ হলে ফ্লাইট পরিচালনা শুরু করা সম্ভব হবে।
এদিকে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথা রয়েছে। সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নানা কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফর ও বিমানবন্দর চালুর বিষয়ে ইতিমধ্যে সংসদ সদস্য মোশারফ হোসেন ও রেজাউল করিম বাদশাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে।
বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ফ্লাইট চালুর আগে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কবে থেকে বগুড়া থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে।



