
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসাসহ নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে এ ভিসা ব্যবহার করা যায়। তবে এ ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। এতে বি১/বি২ ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়-
১. বার্থ ট্যুরিজম: শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া।
২. পারিশ্রমিকের বিনিময়ে কাজ: যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা।
৩. ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা: ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা।
৪. পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা: ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয় এমন কোনো পারিশ্রমিকভিত্তিক কাজে যুক্ত হওয়া।
মার্কিন দূতাবাসের এ সতর্কবার্তার মাধ্যমে বি১/বি২ ভিজিটর ভিসাধারীদের ভিসার অনুমোদিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রবিউন


