অন্যান্য
প্রধান খবর

ঢাবির আইন বিভাগে তারেক রহমানের সিনিয়র ছিলেন আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বুধবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। তিনি জানান, সে সময় তিনি নিজেও আইন বিভাগের ওপরের ব্যাচের ছাত্র ছিলেন এবং বিষয়টি জানতেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বর্তমানে পরিচিত অনেক ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব উল্লেখযোগ্য।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও দাবি করেন, সে সময় দেশে এরশাদ সরকারের শাসন চলছিল। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পরবর্তী সময়ে তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন বন্ধ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button