
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সেখান থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে।
কীভাবে সংঘর্ষের সূত্রপাত
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে স্থাপিত পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। সংঘর্ষের মধ্যেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করেছে সংগঠনটি।
আন্দোলনের পটভূমি
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে একাধিক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময়েও আন্দোলনকারীদের কর্মসূচি চলমান থাকতে দেখা গেছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
তথ্যসূত্র: ইত্তেফাক



