রাজনীতি
প্রধান খবর

আত্মমর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় ফিরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আত্মমর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের উদ্যোগে আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

তারেক রহমান বলেন, প্রতিটি মানুষের সম্মান ও আত্মমর্যাদা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য। তিনি বলেন,
“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে এবং সমাজের কোথাও কেউ অবহেলিত থাকবে না।”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, এই শিশুরা সমাজের বোঝা নয়, বরং যথাযথ সুযোগ পেলে তারা দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হতে পারে। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সকল স্তর থেকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন,
“তাদের জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই—শুধু একটু সুযোগ, যাতে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। কারণ তারা আমাদের বাইরের কেউ নয়, তারা আমাদেরই অংশ।”

অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য রাখেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ সময় তারেক রহমান শিশুদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এতে পুরো অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button